
২৯৭ রানের লক্ষ্য। ট্রাভিস হেড ও মিচেল মার্শের উদ্বোধনী জুটি ৭ ওভারেই তুলে ফেলে ৬০ রান। সেখান থেকেই ১৬.২ ওভারে ৮৯/৬ হয়ে যায় অস্ট্রেলিয়ার স্কোর। ২৬ বলের মধ্যে ৫ উইকেট নিয়ে যে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার আর উইকেট না পেলেও তাঁর দল ৯৮ রানের জয়ে এগিয়ে গেছে সিরিজে।
রাজকীয় সেই পারফরম্যান্স দিয়েই আবার ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠে এসেছেন মহারাজ। ৩৫ বছর বয়সী মহারাজ এর আগে ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে কিছুদিনের জন্য শীর্ষে ছিলেন। এবার তিনি ভারতের কুলদীপ যাদব ও শ্রীলঙ্কার মহীশ তিকশানাকে টপকে আবার ১ নম্বর হলেন।